কালীপুজো সামনে। তাই লাল জবার মালা তৈরিতে এখন ব্যস্ত পূর্ব বর্ধমানের কাটোয়া ও কেতুগ্রামের শিল্পীরা। বাড়িতে বসেই কাপড় কেটে ফুল তৈরি করছেন তাঁরা। সেই ফুল সুতোয় গেঁথে তৈরি হচ্ছে মালা। পুজোর আগে বিভিন্ন জায়গা থেকে বরাত আসায় কাজের চাপ বেড়েছে। আর তাতেই কিছুটা আশার আলো দেখছেন শিল্পীরা। সংসারের কাজ সামলে এই পেশায় যুক্ত মহিলারাও বাড়তি রোজগারের আশায় দিনরাত পরিশ্রম করছেন।
কেতুগ্রামের শাখাই গ্রাম এবং কাটোয়ার পানুহাট, বনগ্রামসহ বেশ কয়েকটি এলাকার বহু পরিবার দীর্ঘদিন ধরে কৃত্রিম ফুল ও মালা তৈরির কাজের সঙ্গে যুক্ত। কালীপুজো ও দীপাবলিতে পুজোর উপকরণ হিসেবে লাল জবার মালার চাহিদা থাকে। ফলে এই সময়ে কাজের ব্যস্ততাও বাড়ে। কাটোয়ার তৈরি মালা শুধু স্থানীয় বাজারেই বিক্রি হয় না, রাজ্যের বিভিন্ন জেলাতেও পাঠানো হয়।
মালা তৈরির জন্য প্রথমে লাল ভেলভেটের কাপড় কেটে জবার পাপড়ি বানানো হয়। পরে সেগুলি দিয়ে ফুল তৈরি করে সুতোয় গাঁথা হয় একের পর এক। এ ভাবেই তৈরি হয় ৫১ ও ১০৮ জবার মালা। কাপড়ের পাশাপাশি কাজে লাগে পাট, জরি, রেশমের সুতো ও শিট পেপার। কোথাও কাঠের যন্ত্রে সুতো পাকানো হয়, আবার কোথাও হাতেই ফুল গেঁথে মালা তৈরি করেন শিল্পীরা।
শাখাই গ্রামের হেনা রায় ও জবা বর্মণ জানান, সংসারের কাজের ফাঁকে তাঁরা কাপড় কেটে ফুল তৈরি করেন। পরে সেই ফুল দিয়ে মালা গাঁথেন। বাড়িতে বসে কাজ করা যায় বলে সংসার সামলে উপার্জনের সুযোগ রয়েছে। পুজোর আগে বরাত বাড়লে হাতে কিছু বাড়তি টাকাও আসে।
কাটোয়ার দুর্গাগ্রামের সুনীল দাসের পরিবারও বহুদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। সুনীল জানান, এ বার কালীপুজোর জন্য বিভিন্ন এলাকা থেকে বরাত এসেছে। সেই কাজ শেষ করতে এখন ব্যস্ত পরিবারের সদস্যরা। তাঁর কথায়, “এ বার কালীপুজোর জন্য বিভিন্ন এলাকা থেকে বরাত এসেছে। আশা করছি, এ বার অন্তত দুটো পয়সা লাভের মুখ দেখতে পাব।”
শিল্পীদের হিসাব অনুযায়ী, এক ডজন কাপড়ের মালার দাম প্রায় ১০০ থেকে ১৫০ টাকা। দিনে ২৫ থেকে ৫০ ডজন পর্যন্ত মালা তৈরি করেন তাঁরা। পরে সেগুলি পাইকারি দরে দশকর্মার দোকানে বিক্রি করা হয়।
প্লাস্টিকের বদলে কাপড়ের মালার ব্যবহার বাড়লে এই শিল্পের বাজারও বাড়তে পারে বলে মনে করছেন শিল্পীরা। তাতে গ্রামের বহু মহিলা ও হস্তশিল্পী পরিবারের উপার্জনের সুযোগ তৈরি হবে। কালীপুজোর আগে তাই বেশি বরাত পাওয়ার আশাতেই এখন মালা তৈরির কাজে ব্যস্ত কাটোয়া ও কেতুগ্রামের পরিবারগুলি।

Leave a comment