বিশ্বভারতীর পাঠভবনের হস্টেলের খাবারে কেন্নো, আরশোলা, প্লাস্টিক-সহ নানা পোকামাকড় মেলার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন অভিভাবকেরা। শুধু খাবারের মান নয়, হস্টেলের স্বাস্থ্যবিধি, পানীয় জল, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং আবাসিক পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ নিয়েও একাধিক অভিযোগ উঠেছে।

এবার সেই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে অভিভাবকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসল পাঠভবন কর্তৃপক্ষ। তাঁদের বিভিন্ন প্রস্তাব ও অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি হস্টেলের রান্নাঘরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ফলে দীর্ঘদিনের সমস্যার পর হস্টেল ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন অভিভাবকেরা।

সোমবার বিকেলে পাঠভবনের উপনন্দ কুঠিরে কয়েক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ বিশ্বভারতীর একাধিক আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। অভিভাবকদের দাবি, বিতর্কিত অধ্যক্ষের অবসরের পর এই প্রথম তাঁদের নিয়ে এমন সরাসরি বৈঠক হল।

অভিভাবকদের বক্তব্য, হস্টেলের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার সুযোগ তৈরি হয়নি। এবার কর্তৃপক্ষ নিজে উদ্যোগী হয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসায় পরিস্থিতি বদলানোর বিষয়ে তাঁরা আশাবাদী। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় হস্টেলের খাবারের গুণমান এবং রান্নাঘরের স্বাস্থ্যবিধির উপর।

বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের উদ্যোগে হস্টেল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও আশা প্রকাশ করেছেন অভিভাবকেরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, অভিভাবকদের সঙ্গে বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে। তাঁদের দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখে পড়ুয়াদের স্বার্থে সেগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

হস্টেলের খাবার, স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগের আবহে কর্তৃপক্ষের এই বৈঠক এবং রান্নাঘরে সিসিটিভি বসানোর সিদ্ধান্তকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন অভিভাবকেরা।

Leave a comment