দোকানের সামনে বাইক থামিয়েছিলেন দু’জন। কিছু খাওয়ার জন্য নেমেছিলেন তাঁরা। সেই সময়ই বাইকে করে কয়েকজন এসে গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি গিয়ে লাগে পিছনে থাকা দ্বাদশ শ্রেণির ছাত্রের বুকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় সে। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

জখম ছাত্রের নাম অক্ষয় ঝা। স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাগর কুমার নামে এক যুবকের বাইকে চেপে যাচ্ছিল অক্ষয়। সাগর বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিল অক্ষয়। ২০ নম্বর ওয়ার্ডের রেল কলোনি লাগোয়া ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি দোকানের সামনে বাইক থামান তাঁরা। দু’জনেই বাইক থেকে নেমেছিলেন।

অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে সেখানে আসে। তাঁদের মুখ ঢাকা ছিল বলে স্থানীয়দের দাবি। আচমকাই গুলি চালানো হয়। দু’ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। একটি গুলি অক্ষয়ের বুকে লাগে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় সে। এরপর দ্রুত বাইকে করে সেখান থেকে চলে যায় হামলাকারীরা।

হামলার লক্ষ্য আসলে কে ছিল, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। অক্ষয়কে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল, নাকি তাঁর সঙ্গে থাকা সাগর ছিলেন দুষ্কৃতীদের নিশানায় তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগর জমি-বাড়ির দালালির সঙ্গে যুক্ত। অক্ষয় তাঁর বন্ধু। ফলে সাগরকে লক্ষ্য করে হামলা হয়ে থাকলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অক্ষয়ের গায়ে লাগে কি না, সেই সম্ভাবনাও দেখা হচ্ছে।

গুলির শব্দ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। দু’ রাউন্ড গুলি চললেও খুব জোরালো শব্দ শোনা যায়নি বলে কয়েকজন জানিয়েছেন। আগ্নেয়াস্ত্রে সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

গুলিবিদ্ধ অক্ষয়কে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর টাউন থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাগরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। অক্ষয়ের পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। পুরনো কোনও শত্রুতা, জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা জানার চেষ্টা চলছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Leave a comment