মূর্তি নদীর উপর তৈরি নতুন আর্চ ব্রিজটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই হতে চলেছে সেতুটির উদ্বোধন। প্রায় চার বছর ধরে অপেক্ষার পর চালু হতে চলা এই সাদা-কালো ধনুকাকৃতি সেতুর ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

নতুন সেতু চালু হলে ডুয়ার্সের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুই প্রান্তের যাতায়াতের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমবে। এর ফলে লাটাগুড়ি, জলপাইগুড়ি, নাগরাকাটা, লুকসান এবং মহাবাড়ি এলাকার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি জলঢাকা বিন্দু, রঙ্গু ও কুমাইয়ের মতো পর্যটনকেন্দ্রে পৌঁছতেও সময় কম লাগবে।

যোগাযোগের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের। পর্যটকদের যাতায়াত বাড়লে ছোট দোকান, গাড়ি পরিষেবা থেকে শুরু করে অন্যান্য স্থানীয় ব্যবসাতেও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বেশ ব্যস্ত। মূর্তি সেতুর উদ্বোধনের পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কোচবিহারে পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর আলিপুরদুয়ারের সুভাষিণী চা-বাগানের মাঠে বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফর ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। একাধিক কর্মসূচি সেরে হাসিমারা সেনা ছাউনি থেকে আকাশপথে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Leave a comment