পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতির পথে আরও একধাপ এগোল রাজ্য। বৃহস্পতিবার নিউটাউনে আদানি আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিও।
৫১ একর জমির উপর তৈরি হবে অত্যাধুনিক এই হাসপাতাল। মোট ২ হাজার শয্যার এই প্রকল্পে ১ হাজার বেড শুধুমাত্র দরিদ্র মানুষের জন্য বরাদ্দ থাকবে। ওই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা জানানো হয়েছে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে।
এর আগে, কয়েক মাস আগেই রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিনিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে ২ হাজার শয্যার হাসপাতাল তৈরির জন্য আদানি গোষ্ঠী লিখিত প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার বাস্তবে প্রকল্পের কাজের সূচনা হল ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে।
জানা গিয়েছে, হাসপাতাল তৈরির প্রকল্পে প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। পাশাপাশি আগামী ১০ বছরের মধ্যে বাংলায় বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে সংস্থার। ফলে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সিঙ্গুর পর্বের পর বাংলায় বড় শিল্প বিনিয়োগের ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মাধ্যমে একাধিক বিনিয়োগের প্রস্তাব ও মউ স্বাক্ষরের কথা আগের সরকার জানিয়েছিল। তবে সেই ঘোষণার কতটা বাস্তবে রূপ পেয়েছে, তা নিয়ে বিরোধীদের প্রশ্ন ছিল।
পালাবদলের পর শিল্প ও বিনিয়োগ টানার উপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছিল নতুন সরকার। সেই উদ্যোগের মধ্যেই নিউটাউনে আদানি গোষ্ঠীর এই হাসপাতাল প্রকল্পকে রাজ্যে বড় বিনিয়োগের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে।

Leave a comment