দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই শহরজুড়ে বাড়ছে প্রস্তুতি। পাড়ার ক্লাবগুলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়। আর পুজোর মরসুমে চাঁদা আদায়কে কেন্দ্র করে জুলুমের অভিযোগও ওঠে প্রায় প্রতি বছরই। এবার সেই প্রবণতা ঠেকাতে আগেভাগেই কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।

চাঁদা নিয়ে কোনওরকম জোরজবরদস্তি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লে যাতে দ্রুত প্রশাসনের কাছে অভিযোগ জানানো যায়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে চালু করা হয়েছে টোল-ফ্রি নম্বর। ২৪ ঘণ্টাই এই নম্বরে অভিযোগ জানানো যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য থাকছে হোয়াটসঅ্যাপ পরিষেবাও। টেক্সট মেসেজের মাধ্যমেও নিজেদের সমস্যার কথা পুলিশকে জানাতে পারবেন সাধারণ নাগরিকরা।

অন্যদিকে, পুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফেও রয়েছে একাধিক বড় পরিকল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বৈঠকে জানিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে প্রায় তিন হাজার ড্রোন। আলোর বিন্দু দিয়ে আকাশে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার অবয়ব। এরপর দুর্গাপুজোর আবাহনের বিভিন্ন মুহূর্তও তুলে ধরা হবে সেই ড্রোন শোয়ে। মহালয়া থেকে অষ্টমী পর্যন্ত একাধিক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

তবে এবারের পুজোর আয়োজন শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গোটা রাজ্যজুড়ে উৎসবকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার লোকসংস্কৃতি এবং দুর্গোৎসবকে এক সুতোয় বেঁধেই সাজানো হচ্ছে বিশেষ অনুষ্ঠান। তারই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সফর ‘ট্রিবিউট মা টুর’।

রাজ্যের পাঁচটি জায়গায় দু’দিন করে হবে এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে এই সফরের আয়োজন করা হবে। দুর্গাপুজোর আবহে বাংলার সংস্কৃতি, লোকশিল্প এবং উৎসবের ঐতিহ্যকে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Leave a comment