কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই অ্যাকশন শুরু কেন্দ্রীয় এজেন্সির। এবার তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে ইডির হানা। তাঁর অফিসেও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট ৮টি ঠিকানাতে ইডির হানা, আর সবকটিই নাদিমুল হকের সঙ্গে সম্পর্কিত বলে জানা যাচ্ছে৷ 

সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীতে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্কসার্কাস, দিল্লি মিলিয়ে বেশ কয়েকটি ঠিকানায় হাজির হন ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি-অফিস এবং তাঁর মেয়ের বাড়িতে চলে অভিযান। কলকাতায় পার্কসার্কাসের ১২ নম্বর দরগা রোডে তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়ি ও খবরের কাগজের অফিসে জোরদার তল্লাশি চলছে বলে সূত্রের খবর। 

নাদিমুল হকের নামে দিল্লির ৬১ সাউথ অ্যাভিনিউতে যে সরকারি আবাসন রয়েছে সেখানেও পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নাদিমুলের যে বাড়িটি রয়েছে, সেটি তৃণমূলের (কালীঘাট শিবিরের) পার্টি অফিস হিসেবে ব্যবহার হয়। কয়েক মাস আগেই দিল্লিতে কালীঘাট তৃণমূলের অফিস সরিয়ে আনা হয়েছে নাদিমুলের বাংলোয়। 

পার্ক সার্কাসে যে ঠিকানায় অভিযান চলছে, সেখানে সংবাদপত্রের একটি দফতর রয়েছে বলে সূত্রের খবর। যার সঙ্গে জড়িত আছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক। পার্ক সার্কাসের এই ঠিকানার বাইরে সংবাদপত্রটির একটি হোর্ডিং রয়েছে। সেখানে লেখা, উর্দুভাষার ওই সংবাদপত্রটি কলকাতা, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকে প্রকাশিত হয়। সংবাদপত্রটির রেজিস্টার্ড অফিস রয়েছে কলকাতার ১২, দরগা রোডে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তৃণমূল সাংসদ একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত, যা নিয়ে গত অগস্ট মাসে আর্থিক অনিয়মের একটি অভিযোগও দায়ের হয়েছিল। আর এই সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, প্রকাশনা সংক্রান্ত বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ, বেআইনি লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থের জোগান দেওয়ার অভিযোগের তদন্তে এই তল্লাশি চলছে।

Leave a comment