কয়েক মাসের ব্যবধানে আবার রাজ্যসভায় যাচ্ছেন কোয়েল মল্লিক। এ বার তাঁর পরিচয় বিজেপির সাংসদ হিসেবে। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই আসনে অন্য কেউ প্রার্থী হননি। ফলে ভোটের আর প্রয়োজন পড়ল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন টলিউড অভিনেত্রী। বিধানসভার সচিবের কাছ থেকে জয়ের শংসাপত্রও পেয়েছেন তিনি।

বছরের শুরুতে, এপ্রিল মাসে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন তৃণমূলের চার প্রার্থী—কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে সাংসদ পদ ছেড়ে দেন কোয়েল। মাত্র তিন মাসের সাংসদ জীবনের ইতি টেনে তাঁর ইস্তফা ঘিরে তখন নানা প্রশ্ন উঠেছিল।

এর পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করেন অভিনেত্রী। ৪ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোয়েলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। পরদিনই দলের কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। হাতে তুলে নেন পদ্ম-পতাকা, জমা দেন মনোনয়নও।

এই আসনে আগামী ১৬ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়ন জমার শেষ দিনেও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের আগেই কোয়েলের জয় নিশ্চিত হয়ে যায়। শুক্রবারই তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।

মনোনয়ন জমা দেওয়ার সময় মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন কোয়েল। এবার বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়ে সেই কাজের সুযোগ পাবেন তিনি। তবে নতুন করে সাংসদ নির্বাচিত হওয়ার পর অভিনেত্রীর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্য দিকে, নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে বিজেপির জয়ের আবহেই রাজ্যসভায় কোয়েলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দলের কাছে আরও একটি রাজনৈতিক প্রাপ্তি।

Leave a comment