রাজ্যে সরকার বদলের সঙ্গে বদলে গিয়েছে স্কুলপড়ুয়াদের সাইকেল প্রকল্পের নামও। তৃণমূল সরকারের ‘সবুজসাথী’ এখন ‘সারথি’। আর নতুন প্রকল্পের সাইকেল বিতরণের মঞ্চ থেকেই আগের সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইকেল তৈরির প্রক্রিয়া থেকে ‘পুরনো ব্যবস্থা’ সরিয়ে এবার রাজ্যেই উৎপাদনের পরিকাঠামো গড়ে তোলার বার্তা দিলেন তিনি।

মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠান থেকেই ‘সবুজসাথী’র সময় সাইকেল তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারের সময়ে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ পাঞ্জাব থেকে আনা হত। পরে সেই যন্ত্রাংশ রাজ্যে এনে সাইকেল তৈরি বা একত্রিত করার কাজ চলত। এই ব্যবস্থার সঙ্গে প্রাক্তন সরকারের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের পরিবারের আত্মীয়দের যোগ ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, সেই ব্যবস্থা থেকে ‘সারথি’ প্রকল্পকে বের করে আনা হয়েছে।

নতুন প্রকল্পে সাইকেলের গুণমানেও বদল আনার কথা জানিয়েছে রাজ্য সরকার। পড়ুয়াদের জন্য আরও উন্নতমানের সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে রাজ্যের মাটিতেই সাইকেল তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সাইকেল উৎপাদনের কারখানা গড়তে প্রয়োজনীয় জমি দেওয়ার কথাও বলেন তিনি।

তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ‘সবুজসাথী’ প্রকল্পের মাধ্যমে স্কুলপড়ুয়াদের সাইকেল দেওয়া হত। সেই সাইকেলের গুণমান নিয়ে অতীতে বিভিন্ন অভিযোগ উঠেছিল। কলকব্জা সহজে খুলে যাওয়া থেকে শুরু করে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে সাইকেলে জং ধরে যাওয়ার অভিযোগও সামনে এসেছিল। তবে সেই অভিযোগগুলির ভিত্তি নিয়ে পৃথক সময়ে রাজনৈতিক বিতর্কও হয়েছে।

সরকার বদলের পর সেই প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে শুধু নামের পরিবর্তন নয়, সাইকেলের গুণমান এবং উৎপাদন ব্যবস্থাতেও পরিবর্তন আনার কথা বলছে বর্তমান সরকার। সেই মঞ্চ থেকেই আগের সরকারের বিরুদ্ধে ফের রাজনৈতিক আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

Leave a comment