পুজো দেখতে ঢুকতে লাগছে ২১৪ টাকা! টালা প্রত্যয়কে ঘিরে এমনই অভিযোগ তুলেছেন সুস্মিতা দে নামে এক দর্শনার্থী। তাঁর দাবি, চতুর্থীর আগে মণ্ডপে ঢুকতে গেলেই এই টাকা দিতে হচ্ছে। গোটা বিষয়টি জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

সুস্মিতার অভিযোগ, প্রথমে জামা জমা দিতে হচ্ছে। তার পর স্ক্যান করে ২১৪ টাকা মেটালে তবেই ভিতরে ঢোকার সুযোগ মিলছে। এই অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এ নিয়ে মুখ খুলেছেন এলাকার বিজেপি বিধায়ক ঋতেশ তিওয়ারি। তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু। ঋতেশের দাবি, বিষয়টি জানতে পেরেই তিনি তা বন্ধ করার ব্যবস্থা করেন।

বিধায়কের বক্তব্য, পুজো মণ্ডপে ঢোকার জন্য টিকিট বিক্রি করা অন্যায়। শিল্পীদের পারিশ্রমিক কী ভাবে দেওয়া হবে, তা ঠিক করার দায়িত্ব পুজো কমিটির। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে মণ্ডপে প্রিভিউ চলার কথাও উল্লেখ করেন তিনি। সেই অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঋতেশ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সময় দর্শনার্থীদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি।

অন্য দিকে, টাকা দিয়ে মণ্ডপে ঢোকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তা শুভঙ্কর সাহা। তাঁর দাবি, বিষয়টি ভুল ভাবে সামনে আনা হচ্ছে। শিল্পী সুশান্ত পাল একটি মিউজিক তৈরি করেছেন। সেটি অ্যাপ থেকে ডাউনলোড করে ফিল করার কথা বলা হয়েছিল। সেই ডাউনলোডের জন্য সামান্য টাকা লাগে। এর বদলে দু’টি করে পাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুভঙ্করের বক্তব্য, মণ্ডপে ঢোকার জন্য কারও কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না। আগামী ১৫ তারিখ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য লাইন খোলা হবে।

Leave a comment