নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নামই প্রায় চূড়ান্ত বলে সূত্রের খবর। যদিও দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে মঙ্গলবারই মনোনয়ন জমা দিতে চলেছেন হাসি রানি। তাঁকে ঘিরে ইতিমধ্যেই নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। তাঁর সমর্থনে পোস্টারও পড়েছে এলাকায়।
নন্দীগ্রামের ২১০ নম্বর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার আগে জানকীনাথ মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে হাসি রানি রথের। এরপর বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। সূত্রের খবর, মিছিলে প্রায় ২০ হাজার মানুষের জমায়েত হতে পারে। হলদিয়ার কদমতলা মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত যাবে সেই মিছিল।
এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। ফলে নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির মনোনয়ন ঘিরে আজ রাজনৈতিক মহলের নজর থাকছে এই কেন্দ্রেই।
শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ার পর থেকেই উপনির্বাচনে বিজেপির মুখ কে হবেন, তা নিয়ে জোর চর্চা চলছিল। একাধিক নাম সামনে এলেও প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের নাম নিয়েই জল্পনা ছিল সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত সেই জল্পনাই বাস্তবের রূপ নিতে চলেছে বলে খবর।
এর আগে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসি রানি রথ জানিয়েছিলেন, দল যদি তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তা তিনি গ্রহণ করবেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি ছিল, ১৯৯৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। দু’বার পঞ্চায়েত সদস্য এবং তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবেও দায়িত্ব সামলেছেন। দল গুরুদায়িত্ব দিলে নিজের সামর্থ্য অনুযায়ী তা পালনের চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন তিনি।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে।
নন্দীগ্রামে কালীঘাট শিবিরের তরফে প্রার্থী করা হয়েছে চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে-কে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলে একটা সময় জোর জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নতুন মুখকেই বেছে নিয়েছে তৃণমূলের কালীঘাট শিবির। অন্যদিকে, ঋতব্রত শিবিরের প্রার্থী এহতেশামুল হক। বামেদের তরফে CPI-এর শান্তিগোপাল গিরির নাম ঘোষণা করা হয়েছে।
নন্দীগ্রামে বিজেপির প্রার্থীর নাম কার্যত সামনে চলে এলেও রেজিনগর কেন্দ্রে এখনও দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Leave a comment