নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মঙ্গলবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পর্ব শেষে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, চন্দ্রনাথকে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, প্রাক্তন আপ্তসহায়ককে খুনের জন্য প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেই অর্থ সরবরাহের পিছনে ‘ভাইপো গ্যাং’-এর ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক। চলতি বিধানসভা নির্বাচন ঘিরে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তাঁকে দেখা গিয়েছিল। ভোটের ফল প্রকাশের দু’দিন পর, গত ৬ মে মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথের। ঘটনাকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে আসছেন শুভেন্দু।

এই হত্যাকাণ্ডের তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করেছে। DIG পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ওই দল তদন্ত চালাচ্ছে। হত্যার নেপথ্যে কারা রয়েছে এবং অর্থের জোগান কোথা থেকে এসেছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment