হুগলির হিন্দমোটরে পুলকারে সন্তানকে মারধরের অভিযোগ জানাতে গিয়ে এক বাবাকে আক্রান্ত হতে হল বলে অভিযোগ। সোমবার রাতে নিউ বয়েজ ক্লাবের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলকারের মালিক ও চালকসহ প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি বিপ্লবকুমার বিশ্বাস এবং তাঁর বন্ধুদের উপর হামলা চালান। ঘটনায় বিপ্লবের নাক ফেটে যায়। হেমন্ত দাস নামে আরও এক যুবকের মাথায় চোট লাগে। হামলা থামাতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দনকানন এলাকার বাসিন্দা বিপ্লবকুমার বিশ্বাসের আট বছরের ছেলে স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। পুলকারে করেই নিয়মিত স্কুলে যাতায়াত করে সে। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে পুলকারের মধ্যে কয়েকজন পড়ুয়া শিশুটিকে মারধর করছিল। বিষয়টি জানতে পেরে সোমবার চালকের কাছে অভিযোগ জানান বিপ্লব।
অভিযোগ, সন্তানের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে চালকের সঙ্গে তাঁর বচসা বাধে। চালক নাকি জানান, এই বিষয়টি দেখার দায়িত্ব তাঁর নয়। স্থানীয়দের হস্তক্ষেপে সেই সময়ের মতো পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিন্তু বিপ্লবের অভিযোগ, ওই রাতেই ফের নিউ বয়েজ ক্লাবের সামনে তাঁকে এবং তাঁর সঙ্গীদের উপর হামলা চালানো হয়। আচমকা হামলায় তাঁর নাক ফেটে যায়। হেমন্ত দাসের মাথায় আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হন বলে অভিযোগ।
আহতদের চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপ্লব। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং একজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর পুলকারে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের নজরদারি দাবি করেছেন বিপ্লব। পাশাপাশি পুলকারগুলির বৈধ নথিপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, কয়েকটি গাড়ির রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং পলিউশন সংক্রান্ত কাগজপত্র নেই। প্রশাসনের উচিত বিষয়টি যাচাই করা বলেও দাবি তাঁর।
অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। হামলার ঘটনায় আর কারা জড়িত এবং পুলকার সংক্রান্ত নথিতে কোনও অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ

Leave a comment