পড়ুয়াদের জন্য সাইকেল দেওয়ার প্রকল্পে বদল আনল রাজ্য সরকার। ‘সবুজসাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সারথি’। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার একটি শতাব্দীপ্রাচীন স্কুলে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানেই স্কুলের ইউনিফর্ম নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে স্কুলের পোশাকের রং সরকার নির্ধারণ করবে না। কোন স্কুলে কী রঙের ইউনিফর্ম হবে, তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই ঠিক করতে পারবে। তবে ইউনিফর্মের কাপড় ও পোশাকের গুণগত মান উন্নত করার দিকে নজর রাখবে সরকার।
‘সারথি’ প্রকল্পে ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ৮,২২৮টি বিদ্যালয়, ৩৩৪টি ব্লক এবং ১২৫টি পুরসভা ও কর্পোরেশন যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন প্রকল্পে সাইকেলের রং গেরুয়া। পাশাপাশি সাইকেলের গুণমান নিশ্চিত করতে ত্রিস্তরীয় যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। খারাপ রাস্তা এবং সড়ক নিরাপত্তার কথা মাথায় রেখে টায়ারসহ বিভিন্ন উপকরণের মান নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
রাজ্যের ভিতরেই সাইকেল তৈরির উদ্যোগ বাড়ানোর কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করতে আগ্রহী সংস্থাগুলিকে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় কারখানায় তৈরি সাইকেল কেনার জন্য ভবিষ্যতে চুক্তি করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে আরও একটি বড় পরিকল্পনা রয়েছে। আগামী শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণি থেকেই ‘সারথি’ প্রকল্প চালুর কথা জানানো হয়েছে। একই সঙ্গে এই শিক্ষাবর্ষে ৮০০টি স্মার্ট স্কুল চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬০০টি স্কুল অনুমোদিত হয়েছে। এই স্কুলগুলিতে আধুনিক ভবন, খেলার মাঠ, লাইব্রেরি এবং ল্যাবরেটরির মতো পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

Leave a comment