বিদায় নিয়েছে বর্ষা তবুও বৃষ্টির চোখরাঙানি কমছে না। পুজোর পঞ্চমী থেকেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পঞ্চমী, ষষ্ঠী, প্রথম সপ্তমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার বজ্রপাতেরও সম্ভাবনা অব্যাহত। কিন্তু তারপরেই বৃষ্টি কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পঞ্চমী অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রথম সপ্তমী পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিত আকাশ আংশিক মেঘলা থাকবে। পঞ্চমীতে বিকেল নাগাদ বৃষ্টি হতে পারে। তবে ভারীবৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার ষষ্ঠীতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে।

রবিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মাঝামাঝি সময় থেকে বৃষ্টির দাপট কমতে পারে।

উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্র ও শনিবার কয়েকটি জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টির হতে পারে। উপরের জেলাগুলিতে ষষ্ঠী, প্রথম সপ্তমী শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে।

Leave a comment