‘দৃশ্যম’ মানেই রহস্য, টানটান উত্তেজনা আর একের পর এক চমক। মালয়ালমে ২০১৩ সালে শুরু হয়েছিল এই গল্প। পরে ২০১৫ সালে হিন্দিতেও দর্শকদের মন জয় করে নেয় অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’। এরপর ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর থেকেই তৃতীয় পর্বের অপেক্ষায় ছিলেন দর্শক। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। আর ছবি নিয়ে এমন এক তথ্য সামনে আনলেন অজয় দেবগন, যা নিঃসন্দেহে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই অজয় জানিয়েছেন, তাঁর অভিনীত ‘দৃশ্যম ৩’ এবং মোহনলাল অভিনীত মালয়ালম ছবির গল্প একেবারেই এক নয়। এমনকী ছবির চিত্রনাট্যও সম্পূর্ণ আলাদা। অর্থাৎ মালয়ালম ছবির গল্পকে অনুসরণ করে হিন্দি ছবিটি তৈরি করা হচ্ছে না। অজয়ের কথায়, ‘দৃশ্যম ২’ মূল ছবির গল্প থেকে কিছুটা অনুপ্রাণিত হলেও তৃতীয় পর্বের গল্প সম্পূর্ণ আলাদা। শুধু কিছু জায়গায় পরিবর্তন করা হয়নি, বরং গোটা গল্পটাই অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। ফলে এবার দর্শকরা একেবারে নতুন ধরনের রহস্য এবং চমকের মুখোমুখি হতে পারেন। অজয় আরও জানান, ‘দৃশ্যম ২’-এর পর তৃতীয় ছবি তৈরি হবে কি না, তা নিয়ে তাঁরাও নিশ্চিত ছিলেন না। কারণ শুধুমাত্র আগের ছবির সাফল্যের কথা মাথায় রেখে সিক্যুয়েল তৈরি করতে চাননি তাঁরা। গল্পে যথেষ্ট নতুনত্ব এবং শক্তিশালী চমক থাকা জরুরি ছিল। সেই কারণেই চিত্রনাট্য তৈরিতে অনেকটা সময় দেওয়া হয়েছে। ছবিতে ফের বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। মীরা দেশমুখের ভূমিকায় থাকছেন তব্বু। নন্দিনীর চরিত্রে ফিরছেন শ্রিয়া শরণ। রাজত কাপুরকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে পুলিশের চরিত্রে এবার অক্ষয় খান্নার পরিবর্তে থাকছেন জয়দীপ আহলাওয়াত।

ছবির পরিচালনায় অভিষেক পাঠক। প্রযোজনায় রয়েছে স্টার স্টুডিয়ো ১৮ এবং প্যানোরোমা স্টুডিয়ো। চলতি বছরের ২ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’-এর। তাই এবার প্রশ্ন একটাই—বিজয় সালগাঁওকর কি আবারও পুলিশকে বোকা বানাতে পারবেন? নাকি ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়ে অপেক্ষা করছে এমন কোনও মোচড়, যা আগের সব রহস্যকেই নতুন অর্থ দেবে? উত্তর মিলবে ছবিটি মুক্তির পরই।

Leave a comment