খাদ্য সুরক্ষা নিয়মভঙ্গ! যার জেরে লাইসেন্স বাতিলের নোটিস দেওয়া হয়েছে নামীদামী রেস্তোরাঁ ও মিষ্টির দোকানকে। এর মাঝেই রাতে আরও ২৫টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল। কলকাতায় মোট ৬৫টি রেস্তরা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। জেলাতেও বহু রেস্তরাঁকে নোটিশ পাঠানো হচ্ছে। লাইসেন্স বাতিলের তালিকায় রয়েছে দাদা বউদির হোটেল, ডেন জং কিচেন, পার্ক স্ট্রিটের ডন জিওভানি ইত্যাদি।
আবার, পুরকমিশনার স্মিতা পাণ্ডে সাংবাদিকদের কাছে যে সমস্ত রেস্তরার নাম তুলে অভিযোগ করেছেন তার মধ্যে নিজাম, বিগ বস-এর মতো অনেকগুলির সরকারি তালিকায় নেই।
ভবানীপুরের প্রখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকের কর্ণধার সুদীপ মল্লিক এদিন আবার জানিয়েছেন, “পুরসভার তালিকায় যে মিষ্টির দোকানের উল্লেখ রয়েছে সেটি আমাদের নয়। আমাদের কোনও সংস্থার ক্ষেত্রে এমন কোনও নোটিসও আসেনি। আর আমরা মিষ্টি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক খাদ্যবিধি মেনে চলি।”
আরসালানের পক্ষ থেকে এদিনই সাংবাদিক সম্মেলন ডেকে স্পষ্ট করা হয়, খাদ্য গুণমানে কোনও আপস তাঁরা করেন না ও করার প্রশ্নও নেই। আরসালান রেস্তরা অ্যান্ড ক্যাটারারের সিওও হামজা আহসান বলেন, কোনও শাখার ক্ষেত্রেই কোনও নোটিস পাইনি। মুজাফফর আহমেদ স্ট্রিটের শাখায় সংস্কারের কাজ চলছে। তবে রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা অভিযানের উদ্যোগ স্বাগত জানিয়েছে আরসানাল।

Leave a comment