অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দেওয়া হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শুক্রবার সেই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি নয়, অভিষেকের শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

শুক্রবার অভিষেকের পুলিশকে হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, অভিষেকের আপ্তসহায়ক টাকা তোলার বিষয়ে অনেক কিছু জানিয়ে দিয়েছেন বলেই তাঁর ধারণা। তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার সুবাদে প্রশাসনের অন্দরেও তৃণমূলের কয়েক জনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। এর পরেই অভিষেকের শারীরিক সমস্যা নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে চিকিৎসার জন্য যেতে চাইলে প্রয়োজনীয় এনওসি দেওয়ার কথাও বলেন শুভেন্দু।

প্রসঙ্গত, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দেন অভিষেক। তাঁর বক্তব্য ছিল, শুভেন্দু অধিকারীর নির্দেশে যাঁরা কাজ করছেন, তাঁদের নাম চিহ্নিত করে রাখা হচ্ছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের রেহাই মিলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারি নিয়েও মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় সুমিতকে আড়াই মাসেরও বেশি সময় ধরে হেফাজতে রাখা হয়েছে। কয়েকজন পুলিশ আধিকারিককে পুরস্কারের আশ্বাস দিয়ে এই কাজ করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকেও সরাসরি নিশানা করেন অভিষেক। এবার অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a comment