শুক্রবার দুপুরে বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। দুপুর ১টা ১৪ মিনিটে ওড়ার পর জোশীমঠ উপত্যকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। হাতি পর্বত এলাকার উপর দিয়ে যাওয়ার সময় শেষবার সংকেত পাওয়া গিয়েছিল। তারপর ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান ধরা পড়েনি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি ট্রান্স ভারত অ্যাভিয়েশনের। ঘটনার পর সংস্থার সব ক’টি হেলিকপ্টারের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিখোঁজ হেলিকপ্টারটির খোঁজে নামে সেনা, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পাইলট-সহ হেলিকপ্টারে ছিলেন ছ’জন। পাঁচ যাত্রীর নাম প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচ এস নটরাজা। পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

জোশীমঠের কাছে ছাই গ্রামের পাশে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জোশীমঠের মহকুমাশাসক চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সেনা, পুলিশ, এসডিআরএফ এবং স্বাস্থ্য দফতরের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ডে এর আগেও একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছরের জুনে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। ওই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল।

Leave a comment