নিম্নচাপের জেরে ফের বৃষ্টির দাপট অব্যাহত৷ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত হয়েছে। যার জেরে বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরেও বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে সকাল থেকেই।

শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। হরিয়ানা, জম্মু, এলাহাবাদ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে।

Leave a comment