শুক্রবার সকালে সাউথ সিটি কমপ্লেক্সের ৩ নম্বর টাওয়ারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। ২৭ তলায় আগুন দেখতে পান বাসিন্দারা। সার্ভেন্টস কোয়ার্টারের পাশেই আগুন লাগে বলে খবর। কিছুক্ষণের মধ্যেই টাওয়ারের একাংশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। বন্ধ হয়ে যায় লিফটও। ফলে উপরের তলার বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নীচে নামতে হয়। শিশু ও বয়স্কদের নিয়ে নামতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে।
সাউথ সিটি কমপ্লেক্সে মোট চারটি টাওয়ার রয়েছে। তার মধ্যে ৩ নম্বর টাওয়ারটি ৩০ তলার। ২৭ তলায় আগুন লাগার খবর ছড়াতেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে শুরু করেন বাসিন্দারা। লিফট বন্ধ থাকায় সিঁড়িতেই ভিড় জমে যায়। একসঙ্গে অনেকে নামতে থাকায় তৈরি হয় হুড়োহুড়ির পরিস্থিতি। বিশেষ করে বয়স্ক ও শিশুদের নিয়ে নীচে নামতে গিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। বহুতলের এত উঁচু তলায় আগুন লাগায় দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। অন্যদিকে, বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনার কাজও চলতে থাকে।
রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু জানান, ৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে। যাদবপুর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছেছে।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান। যদিও দমকলের তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Leave a comment