পুর ও নগরোন্নয়ন দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এবার শিরোনামে উঠে এল তাঁর ছেলেও৷ সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় মিলল পচা, ছত্রাক ধরা মাংস, মাছ। খোলা অবস্থায় পাওয়া গেল প্রচুর পরিমাণ মাংস, আইসক্রিম। এবার এ নিয়েই জল্পনা তুঙ্গে। তবে কী কি পচা, বাসি খাবার দেওয়া হত গ্রাহকদের! তা নিয়ে শুরু জল্পনা।
শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দু’টি রেস্তোরাঁয় হানা দেন। রেস্তরাঁয় ওই মাছ, মাংস বেশি কিছুদিন ধরেই ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে অভিযোগ। এদিন বেলায় সিমলা বিরিয়ানি, চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা নামে তিনটি রেস্তরাঁয় অভিযান চলে। চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা এই দুই রেস্তোরাঁ এলাকার প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের অভিযোগ, এই দুই রেস্তোরাঁয় প্রায় ৬০ কেজি মাংস এবং মাছ ফ্রিজে রাখা ছিল। বহু অংশেই পচন ধরেছে! দীর্ঘদিন ফ্রিজে মজুত রাখার কারণে সেগুলির উপর ছত্রাকের প্রলেপও পড়ে গিয়েছিল! শুধু মাছ-মাংসই নয়, মেয়াদ ফুরনো মশলা, ভিনিগারও মিলেছে। প্রচুর সংখ্যায় আইসক্রিমও খোলাভাবে মজুত রাখা হয়েছিল।
জানা গিয়েছে, অভিযানে বাজেয়াপ্ত করা সমস্ত খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। শুধু তাই নয়, সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযান আরও চলবে, এমনই জানিয়েছেন আধিকারিকরা।

Leave a comment