৪মের ফলাফলের পরেই ক্ষমতা হারিয়েছে তৃণমূল। এই আবহেই কলকাতা পুরবোর্ড থেকে ইস্তফা দিয়েছেন মেয়র থেকে মেয়র পারিষদ সকলেই। প্রশাসকের কাঁধে পুর-পরিষেবার দায়িত্ব। এদিকে কলকাতার একাধিক রাস্তার অবস্থা বেহাল। এর মধ্যেই পুরসভা আগেই জানিয়েছে, পুজোর আগে শহরের রাস্তার সংস্কার হবে। সেই কাজ কবে শুরু হতে চলেছে, সে নিয়েও মিলল খবর৷
পুরসভা সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর পর জোরকদমে শহর জুড়ে পিচ রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। মূলত বৃষ্টির দাপট ও বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে থাকায় পিচের কাজ সমস্ত বরোতে সংস্কারের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
অবশ্য ইতিমধ্যে মহানগরের মূল সড়কগুলিতে রাতের বেলায় পিচের কাজে নেমে পড়েছে পুরভবনের ‘রোড ডিপার্টমেন্ট’। কিন্তু পামারবাজার ও গোঁরাগাছা দুটি প্ল্যান্ট থেকে পিচ-স্টোনচিপস মিলিয়ে রাস্তা মেরামতের ‘গরম মশলা’ এখনও পুরোপুরি না পাওয়ায় ১৬ টি বরোতে এখনও সেভাবে পিচের কাজ শুরু করা যায়নি।

Leave a comment