পুজোর ই-পাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে বুধবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরনোর পরেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রিতে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
বউবাজার থানায় এই অভিযোগে মামলা দায়ের করেন ট্রাভেল এজেন্ট জয়দীপ মুখোপাধ্যায়। গত জুন মাসে দায়ের হওয়া ওই মামলায় ইন্দ্রনীলের পাশাপাশি তাঁর স্ত্রী মধুছন্দার নামও রয়েছে। ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার মাধ্যমে পুজোর পাস বিক্রি করে টাকা তছরুপের অভিযোগ উঠেছে। সেই মামলার সূত্র ধরেই এবার মধুছন্দাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা।
পুলিশের দাবি, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না ‘মাস আর্ট’-এর। তথ্য ও সংস্কৃতি দফতরের বিভিন্ন অনুষ্ঠান এবং বইমেলার টেন্ডার নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, পুজোর পাস বিক্রি ও টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অঙ্ক ১১৫ কোটি টাকা ছাড়িয়েছে।
তদন্তে ইন্দ্রনীলের স্ত্রী, মেয়ে এবং আত্মীয়দের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুজোর পাস বিক্রির মাধ্যমে অন্তত ৩০ কোটি টাকার অনিয়ম হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে কীভাবে টাকা জমা পড়েছে, কারা সেই টাকা লেনদেন করেছেন, তা জানতেই মধুছন্দাকে তলব। বর্তমানে ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন ইন্দ্রনীল। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার মধুছন্দাকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার।

Leave a comment