চার বছরের এক শিশুকে ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি  ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের সুভাষনগরের। বুধবার ঘটনাটি ঘটলেও শুক্রবার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। প্রথমে নীলগঞ্জ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়তে হয় বলে দাবি পরিবারের। পরে দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক সুভাষনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুটির পরিবারও কয়েক মাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। অভিযোগ, বুধবার শিশুটিকে পাশের বাড়ির ছাদে নিয়ে যায় ওই যুবক। সেখানেই তার উপর যৌন নির্যাতন করা হয়। পরদিন শিশুটিকে নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যান তার মা। মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তা তখনও জানতেন না তিনি।

শুক্রবার পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর নীলগঞ্জ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে চান তাঁরা। কিন্তু প্রথমে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের। পরে দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বারাসত হাসপাতালেও সমস্যায় পড়তে হয় পরিবারকে। তাঁদের অভিযোগ, সেই সময় হাসপাতালে মাত্র একজন মহিলা চিকিৎসক ছিলেন। তিনি অপারেশন থিয়েটারে ব্যস্ত থাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই নিয়ে হাসপাতাল চত্বরে ক্ষোভ ছড়ায়। পরিবারের লোকজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অসন্তোষ প্রকাশ করেন।

অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা। একই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a comment