উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে ফের স্থগিত করা হল কেদারনাথ তীর্থযাত্রা। গত কয়েক দিন ধরে পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছে। একই সঙ্গে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বিপজ্জনক হয়ে উঠেছে তীর্থযাত্রার রাস্তা। এর মধ্যেই চিরবাসা হেলিপ্যাডের কাছে পাথরের আঘাতে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত পুণ্যার্থীর নাম মদন মোহন তিওয়ারি। তাঁর বয়স ৬৫ বছর এবং বাড়ি উখিমঠ এলাকায়। রবিবার আচমকাই পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে তাঁর উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ভারী বৃষ্টির কারণে কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু অংশে ধস নেমেছে। রাস্তার উপর মাটি ও পাথর জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যাতায়াত। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে ঝুঁকি নিয়ে কোনও পুণ্যার্থী যাতে এগিয়ে না যান, সেই কারণে আপাতত যাত্রা বন্ধ রাখা হয়েছে।
ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন। ধসের মাটি ও পাথর সরানোর পাশাপাশি আটকে থাকা তীর্থযাত্রীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে। উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে SDRF, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেদারনাথের দিকে যাত্রা করতে চাওয়া পুণ্যার্থীদের আপাতত সোনপ্রয়াগ অথবা গৌরিকুণ্ডে অপেক্ষা করতে হবে। অন্যদিকে, কেদারনাথ থেকে ফেরার পথে থাকা তীর্থযাত্রীদের জঙ্গলচাট্টিতে থামিয়ে রাখা হচ্ছে।
রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করে সেটি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত কাউকেই ওই পথে এগোতে দেওয়া হবে না। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি পর্যালোচনার পর প্রশাসনের সবুজ সংকেত মিললেই ফের তীর্থযাত্রা শুরু হবে। ততদিন পুণ্যার্থীদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a comment