এবার দুর্গাপুজোর সূচনাতেই চমক দিতে চলেছে রাজ্য। মহালয়ার দিন, ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে এই বিশেষ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
জানা গিয়েছে, মহালয়ার অনুষ্ঠানের জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন গার্ডেন্স ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে ১০ অক্টোবর সন্ধ্যায়। এর আগে এবং পরে একাধিক সাংস্কৃতিক ও পুজো-সংক্রান্ত কর্মসূচিও হতে পারে ক্রিকেটের নন্দনকাননে।
মহালয়ার দিনের অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার বিশেষ পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ইডেনে প্রবেশের সময় প্রায় ১০ হাজার ঢাক একসঙ্গে বাজানোর আয়োজন করা হতে পারে। পাশাপাশি প্রায় এক হাজার মহিলা উলুধ্বনির মাধ্যমে তাঁদের স্বাগত জানাবেন। স্টেডিয়াম প্রদক্ষিণের সময় শ্রেয়া ঘোষালের পুজোর গান পরিবেশনেরও পরিকল্পনা রয়েছে।
শুধু ইডেনের মাঠেই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকছে না। বাংলার বিভিন্ন জেলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য-গানও তুলে ধরা হবে। দার্জিলিঙের তামাং সেলো, কালিম্পঙের লেপচা নাচ, মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল, বাঁকুড়া ও পুরুলিয়ার ছৌ, নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নৃত্য, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান-সহ বিভিন্ন জেলার সাংস্কৃতিক পরিবেশনা থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মা দুর্গার চক্ষুদান। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন। একই অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধনও করার পরিকল্পনা রয়েছে।
আলো-ঝলমলে অনুষ্ঠানের জন্যও থাকছে একাধিক আয়োজন। ‘মা আসছে–উমা স্টোরি’ থিমে থ্রি-ডি প্রজেকশন ম্যাপিং শো করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনীর কথাও জানা গিয়েছে।
ইডেনের মাঠে মঞ্চ তৈরির ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। মাঠের ঘাস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি মাথায় রেখে পরিকাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য ইডেনের হোম ড্রেসিংরুম এবং মুখ্যমন্ত্রীর জন্য অ্যাওয়ে ড্রেসিংরুম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণের ব্যবস্থাও রাখা হতে পারে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হবে। প্রস্তুতি পর্ব থেকেই ইডেনের বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টেডিয়ামের কয়েকটি অংশে জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থাও করা হতে পারে।
সব মিলিয়ে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সকে কেন্দ্র করে নজরকাড়া আয়োজনের প্রস্তুতি চলছে। দুর্গাপুজোর উদ্বোধন, বাংলার লোকসংস্কৃতি, ঢাকের বাদ্যি, আলো, থ্রি-ডি শো, ড্রোন এবং আতশবাজি—সব মিলিয়ে মহালয়ার অনুষ্ঠানকে বড় মাপের উৎসবের চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের মূল নকশা তৈরি হলেও শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a comment