বিদেশে পালানোর পরিকল্পনা ভেস্তে গেল। কলকাতা বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান। কলকাতা বিমানবন্দর হয়ে দুবাই পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর চত্বরে আগে থেকেই ফাঁদ পেতেছিল ধানবাদ পুলিশ। কলকাতা পুলিশের সহযোগিতায় নজরদারি চালিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরই বান্টিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বিদেশে পালানোর পরিকল্পনা এবং তাঁর অপরাধচক্রের সঙ্গে যোগাযোগ নিয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
তোলাবাজি, খুন, অপহরণ-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বান্টির বিরুদ্ধে। ধানবাদের একাধিক থানায় তাঁর নামে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি তদন্তকারীদের কাছে খবর আসে, দেশ ছেড়ে দুবাইয়ে থাকা ভাই প্রিন্স খানের কাছে যাওয়ার পরিকল্পনা করছেন বান্টি।
সেই খবরের ভিত্তিতেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ধানবাদ পুলিশ। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। বিমান ধরতে বিমানবন্দরে পৌঁছতেই বান্টিকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা।
পুলিশের দাবি, ২০২২ সালের মার্চে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর প্রায় চার বছর জেলে ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পান বান্টি। জেল থেকে বেরনোর পর ফের তোলাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ধানবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দেশ ছেড়ে দুবাইয়ে থাকা প্রিন্স খানের কাছে পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছিলেন বান্টি। তবে কলকাতা পুলিশের সহযোগিতায় সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিদেশযাত্রার পরিকল্পনা এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

Leave a comment