পুজোর আগেই পাহাড়ে খুশির খবর। সিকিমের গ্যাংটকের বুলবুলেতে অবস্থিত হিমালয়ান জুলজিক্যাল পার্কে জন্ম হয়েছে ছয়টি রেড পান্ডা শাবকের। তবে ছয়টির মধ্যে একটি শাবক মারা গিয়েছে। বর্তমানে পাঁচটি শাবক জীবিত রয়েছে। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচির ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭৮০ মিটার উচ্চতায় প্রায় ২৩০ হেক্টর বনভূমি জুড়ে বিস্তৃত এই পার্ক। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুন ও জুলাই মাসে তিন জোড়া প্রজননক্ষম রেড পান্ডার মিলনের পর ছয়টি শাবকের জন্ম হয়। বর্তমানে জীবিত শাবকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। কারণ, জন্মের পর প্রাথমিক পর্যায়ে রেড পান্ডা শাবকদের মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি।
তবে এই সাফল্যের আগে একাধিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল সংরক্ষণ কর্মসূচিকে। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে তিনবার ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগের প্রকোপ দেখা দিয়েছিল। সেই সময় ১২টি প্রজননক্ষম রেড পান্ডার মৃত্যু হয়। এরপর প্রায় সাত বছর পার্কে প্রজননক্ষম পুরুষ রেড পান্ডা না থাকায় কর্মসূচি কার্যত থমকে যায়। পরে নতুন পুরুষ রেড পান্ডা আনার পর ২০২৩ সালে ফের প্রজনন শুরু হয়।
রেড পান্ডার পাশাপাশি এ বছর হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং হিমালয়ান গোরালের প্রজননেও সাফল্য এসেছে। পার্কে জন্ম হয়েছে দুটি ব্ল্যাক বিয়ার শাবকের। এর ফলে সেখানে এই প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়।
এদিকে চারটি হিমালয়ান গোরাল শাবকেরও জন্ম হয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ছয়টি পুরুষ গোরালকে সফলভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল। নতুন শাবকের জন্ম ভবিষ্যতে সংরক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
পুজোর মুখে সিকিমের চিড়িয়াখানায় একসঙ্গে এতগুলি নতুন প্রাণের আগমন নিঃসন্দেহে প্রাণীপ্রেমীদের জন্য আনন্দের খবর। আপাতত পাঁচ রেড পান্ডা শাবককে সুস্থভাবে বড় করে তোলাই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

Leave a comment