মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে ফের মর্মান্তিক দুর্ঘটনা। উত্তাল সমুদ্রের জোয়ারের টানে তলিয়ে মৃত্যু হল এক নাবালক-সহ দু’জনের। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক জন। তাঁর সন্ধানে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল।
সোমবার বিকেলে মন্দারমণির ৩ নম্বর ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দিঘা থেকে টোটো ভাড়া করে আট জন মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সুমন শীল, বৃষ্টি শীল এবং ১০ বছরের সোমনাথ হালদার। একটি রিসর্টের সামনে তাঁরা সমুদ্রে স্নান করতে নামেন।
স্নানের সময় আচমকাই জোয়ারের প্রবল স্রোতে তিন জন গভীর জলের দিকে তলিয়ে যান। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও নুলিয়ারা উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পর সোমনাথকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত বালিসাই বড় রাঙ্গুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর তল্লাশি চালিয়ে বৃষ্টি শীলের দেহ উদ্ধার করা হয়। তবে সুমন শীল এখনও নিখোঁজ। তাঁর সন্ধানে স্পিডবোট নামিয়ে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে মন্দারমণির সমুদ্র বর্তমানে উত্তাল। প্রবল ঢেউ ও স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে উপকূল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের সচেতন করতে নিয়মিত প্রচার চালানো হয়। সমুদ্রসৈকতে নজরদারির জন্য নুলিয়াদের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পর্যটকদের প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Leave a comment