অনুমোদিত ছুটি ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতির ঘটনা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। জেলাস্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অননুমোদিত অনুপস্থিতির প্রতিটি ঘটনা খতিয়ে দেখে দ্রুত নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, কোনও শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকলে তাঁর বিষয়টি ফেলে রাখা যাবে না। সংশ্লিষ্ট শিক্ষক ছুটির জন্য আবেদন করেছেন কি না এবং সেই আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
নিয়ম অনুযায়ী ছুটি মঞ্জুর করার সুযোগ থাকলে তা অনুমোদন করতে হবে। তবে কোনও শিক্ষক অনুমোদিত ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে এবং তার উপযুক্ত কারণ না থাকলে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া স্কুলে না যাওয়ার বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একইসঙ্গে, জেলাস্তরে বকেয়া ছুটির আবেদনগুলির তথ্য সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে। কোন কোন প্রাথমিক শিক্ষকের ছুটির আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। অননুমোদিত অনুপস্থিতির পুরনো ঘটনাগুলিও একইভাবে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
সম্প্রতি ডিএ, টেটসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিক্ষক সংগঠনগুলির একাধিক কর্মসূচি হয়েছে। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ রয়েছে। তবে শিক্ষা দফতরের নির্দেশে কোনও নির্দিষ্ট কর্মসূচির উল্লেখের বদলে অনুমোদিত ছুটি এবং নিয়মিত উপস্থিতির উপর জোর দেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ঘটনা যাচাই করে হয় ছুটি মঞ্জুর করতে হবে, নয়তো প্রয়োজনীয় শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করতে হবে। স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতির কারণে যাতে পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না হয়, তা নিশ্চিত করাই এই নজরদারির অন্যতম উদ্দেশ্য।

Leave a comment