অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে টাকা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভও হয়েছে। অনেক আবেদনকারীরই দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের আবেদনের বর্তমান স্টেটাস পরিষ্কার নয়। এই পরিস্থিতিতেই শুক্রবার বর্ধমানের সভা থেকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(suvendu adhikari)।

মুখ্যমন্ত্রী জানান, ভেরিফিকেশনে যাঁদের নাম ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে পুজোর আগেই টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, যাচাইপর্বে অনুমোদন পাওয়া বাকি সুবিধাভোগীরাও খুব শীঘ্রই প্রকল্পের টাকা পাবেন।

বর্ধমানের সভায় অন্নপূর্ণা যোজনার জেলার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের কাছ থেকে মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২টি আবেদন প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এখনও কয়েকটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ১৭ হাজার ৪৫টি আবেদন খারিজ হয়েছে এবং ১০ হাজার ৭১৪টি আবেদনের ভেরিফিকেশন এখনও বাকি।

মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। বর্ধমান জেলার ১৫টি বিধানসভা এলাকায় গড়ে ৬৫ থেকে ৭০ হাজার করে মহিলা এই সুবিধা পেয়েছেন বলেও জানান তিনি।

শুভেন্দু অধিকারীর বক্তব্য, যাঁরা এখনও যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন কিন্তু টাকা পাননি, তাঁদেরও আগামী মাসের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে তিনি জানান, আগের সরকার ৫০০ টাকা করে দিত এবং সেই প্রকল্প চালু করতেও দীর্ঘ সময় লেগেছিল। বর্তমান সরকারের ক্ষেত্রে পাঁচ মাসের মধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সভা থেকে বয়স্কদের ভাতা আরও বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

Leave a comment