পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সন্ধ্যায় সল্টলেকে ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরনোর পর তাঁকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। বউবাজার থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ। লালবাজার সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএনএসের ৩১৬ ধারায় বিশ্বাসভঙ্গ, ৩৩৬(২) ও ৩৩৬(৩) ধারায় জালিয়াতি, ৩৩৮ ধারায় মূল্যবান নথি জাল করা, ৩১৮ ধারায় প্রতারণা, ৬১(২) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং ৩৪০(২) ধারায় জাল নথি ব্যবহার সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুর্গাপুজোর পাস বিক্রি ঘিরে ইউনেসকোর নাম ব্যবহার করে ‘মাস আর্ট’-এর মাধ্যমে অন্তত ৩০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। এই ঘটনায় ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন-সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং তাঁদের সংস্থার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রী, মেয়ে ও আত্মীয়দের নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়া এবং শেল কোম্পানির মাধ্যমে অর্থ সরানোর অভিযোগও রয়েছে।

মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে পুজোর পাস বিক্রি এবং ইউনেসকোর নাম করে বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। বুধবার গভীর রাত পর্যন্ত আর্থিক লেনদেনের নথি ও অন্যান্য তথ্য সামনে রেখে তাঁকে জেরা করেন গোয়েন্দারা।

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে ইন্দ্রনীলকে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানোর কথা কলকাতা পুলিশের।

Leave a comment