সোশ্যাল মিডিয়ায় সোনার গয়না ও বিপুল নগদ টাকার ছবি-ভিডিও পোস্ট করতেন তামিলনাড়ুর কন্যাকুমারীর ইউটিউবার বিনোদ কুমার। এবার তাঁর বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি থেকে প্রায় ৯৪৪ গ্রাম সোনার গয়না এবং বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

থাম্মাতুকোনামের ভিআইপি গার্ডেন এলাকায় স্ত্রী মধুমিতাকে নিয়ে থাকেন বিনোদ। অভিযোগ, রাতের দিকে বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে চোরেরা। এরপর ঘরে থাকা সোনা ও নগদ টাকা হাতিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাজাক্কামঙ্গলম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির দরজা এবং আশপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি চুরির সময় দুষ্কৃতীরা কোন পথ ব্যবহার করেছিল, তা জানার চেষ্টা চলছে। বাড়ির পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা।

তদন্তে বিশেষ নজর দেওয়া হচ্ছে ইউটিউবারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে। তাঁর বিভিন্ন পোস্টে সোনার গয়না এবং নোটের বান্ডিল দেখা গিয়েছে। ফলে এই ভিডিও বা ছবির মাধ্যমে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে চলে এসেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার পোস্টের সঙ্গে চুরির সরাসরি যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুষ্কৃতীরা আগে থেকে বাড়িটির উপর নজর রেখেছিল কি না, কিংবা অন্য কোনও সূত্রে বাড়িতে থাকা মূল্যবান সামগ্রীর খবর পেয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা চুরির ঘটনায় এলাকায়ও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a comment