অসুস্থতার ভান করে পুলিশকর্মীকে ডেকে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ। এরপরই জেল থেকে পালিয়ে গেলেন ১৭ জন বন্দি। সোমবার রাতে তামিলনাড়ুর থেনি জেলার থেক্কমপট্টি জেলে এই ঘটনা ঘটে। পলাতক বন্দিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের ধরতে ১৭টি বিশেষ দল তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ১৬টি চেকপোস্ট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে ১৭ জন বন্দিকে একই সেলে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন অসুস্থতার ভান করেন বলে অভিযোগ। তার অসুস্থতার খবর পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন কর্তব্যরত এক পুলিশকর্মী। সেই সময়ই তাঁর উপর চড়াও হন বন্দিরা। চলে মারধর। এরপর ওই পুলিশকর্মীকে ফেলে রেখেই জেল থেকে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে দ্রুত জেলে পৌঁছন জেলার পুলিশ সুপার কেএস প্রবীণ গৌতম। আহত পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও দুই পুলিশকর্মী আহত হয়েছেন। জেলের ভিতরে থাকা এতজন বন্দি কীভাবে একসঙ্গে পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, পলাতক বন্দিদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে নজরদারি চলছে। পুলিশ সূত্রে খবর, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে অনেকেই ভিল্লুপুরম জেলার বাসিন্দা। সেই কারণে ওই জেলা এবং আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে।

দক্ষিণাঞ্চলের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, অভিযানের সময় এক পলাতক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত ধরা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে অন্য রিপোর্টে চারজন বন্দির গ্রেফতারির কথা বলা হয়েছে। ফলে এখনও পর্যন্ত ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

পলাতক বন্দিদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জেলের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment