পুজোর আগে রাজ্যের হোমগার্ডদের জন্য এল সুখবর। ১ অক্টোবর ২০২৬ থেকে বাড়ানো হচ্ছে তাঁদের দৈনিক ডিউটি অ্যালাউন্স। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হোমগার্ড ভলান্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন পদে থাকা আধিকারিকদের দৈনিক ভাতা ১১০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।
এই ভাতা বৃদ্ধির আওতায় থাকছেন পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর পদ অনুযায়ী তাঁদের দৈনিক প্রাপ্য ভাতার অঙ্কও বাড়বে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ডিউটি অ্যালাউন্স ৬৪৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কমান্ডারদের ক্ষেত্রে ভাতা ৬৫৪ টাকা থেকে বেড়ে হবে ৭৬৪ টাকা।
গ্রুপ কমান্ডারদের দৈনিক ভাতা ৬৫৬ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৭৬৬ টাকা। একইভাবে ডেপুটি কমান্ড্যান্টদের ভাতা ৬৫৯ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭৬৯ টাকা।
অন্যদিকে, হোমগার্ড কমান্ড্যান্টদের দৈনিক ডিউটি অ্যালাউন্স ৬৬২ টাকা থেকে বেড়ে হবে ৭৭২ টাকা। ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টদের ক্ষেত্রে ভাতা ৬৬৫ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৭৭৫ টাকা।
অর্থাৎ পদভেদে বর্তমান ভাতার পরিমাণ আলাদা হলেও নতুন নিয়মে প্রত্যেক স্তরেই দৈনিক ১১০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে। কোনও কর্মী মাসে যত দিন ডিউটি করবেন, সেই অনুযায়ী বর্ধিত ভাতার মোট অঙ্ক নির্ধারিত হবে।
পুজোর মরসুম শুরুর আগে এই সিদ্ধান্তে হোমগার্ডদের দৈনিক প্রাপ্য অর্থ বাড়তে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকেই নতুন হারে ডিউটি অ্যালাউন্স কার্যকর হবে।

Leave a comment