গুজরাটের পালসানায় শিশুদের টিকাকরণ কর্মসূচিকে ঘিরে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। টিকা দেওয়ার পর শিশুদের জ্বর প্রতিরোধে প্যারাসিটামল দেওয়ার কথা থাকলেও তার পরিবর্তে Glimepiride 2 mg নামে ডায়াবিটিসের ওষুধ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিশু। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ICU-তে চিকিৎসা চলছে।

ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বরের। পালসানার কানব প্রাইমারি হেলথ সেন্টারের তত্ত্বাবধানে একটি টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে মোট সাতটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়। টিকাকরণের পর প্রয়োজনীয় ওষুধ দেওয়ার সময়ই এই ভুল হয়েছে বলে অভিযোগ।

অভিভাবকদের অভিযোগ, প্যারাসিটামলের পরিবর্তে শিশুদের Glimepiride 2 mg দেওয়া হয়। সাধারণত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই ওষুধ ব্যবহার করা হয়। অসুস্থ শিশুদের বয়স সাড়ে তিন মাস থেকে এক বছরের মধ্যে। ওষুধ খাওয়ার পরই তাঁদের সন্তানদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে দাবি করেছেন অভিভাবকরা।

পরিস্থিতি গুরুতর হওয়ায় পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ICU-তে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে শিশুদের পরিবার এবং স্থানীয় প্রশাসনের মধ্যে।

ঘটনার পর সুরাট জেলা স্বাস্থ্য দফতর বিভাগীয় তদন্ত শুরু করেছে। কীভাবে নির্ধারিত প্যারাসিটামলের বদলে অন্য ওষুধ শিশুদের দেওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতির অভিযোগে রাটিয়াল চৌধুরী নামে এক তৃতীয় শ্রেণির স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনা নিয়ে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পাঁশেরিয়াও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, টিকাকরণের পর সাধারণত শিশুদের প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। কিন্তু পালসানার ঘটনায় তার পরিবর্তে ডায়াবিটিসের ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ঘটনাটিকে গুরুতর গাফিলতি হিসেবে উল্লেখ করেছেন।

স্বাস্থ্য দফতরের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি পাঁচ শিশুর চিকিৎসা চলছে। পুরো ঘটনার কারণ এবং ওষুধের ভুলের সঙ্গে শিশুদের অসুস্থতার সম্পর্ক তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a comment