জেন জি-র প্রতিবাদের প্রভাব ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে নজর কেড়েছে। তরুণ প্রজন্মের এই অংশের রাজনৈতিক সক্রিয়তা এবং ভোটের গুরুত্বকে সামনে রেখেই এবার তাঁদের মন বুঝতে উদ্যোগী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের বঙ্গ সফরে এসে সেই বিষয়েই বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সূত্রের খবর, সোমবার রাজ্য বিজেপির যুব মোর্চার সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আলোচনায় থাকতে পারে জেন জি ভোটারদের মনোভাব এবং তাঁদের সঙ্গে দলের যোগাযোগের কৌশল।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম বাংলায় এসেছেন নীতীন নবীন। রবিবার দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কোথায় কোথায় পরিবর্তন প্রয়োজন, তা নিয়েও নেতৃত্বকে বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আসন্ন পুরভোটের প্রস্তুতি এবং দলের সাংগঠনিক রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ দলের একাধিক স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন নবীন।

সোমবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন রাজ্য যুব মোর্চার নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। সম্প্রতি রাজ্য সংগঠনে রদবদলের পর যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। ইন্দ্রনীল খাঁ-র জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর সঙ্গে নীতীন নবীনের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।

এর পর ‘যুব ভারত সংলাপ’ নামে একটি কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে নীতীন নবীনের। সেখানে তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাবনা, তাঁদের প্রত্যাশা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় হতে পারে। বিশেষ করে জেন জি-র মধ্যে রাজনৈতিকভাবে সক্রিয় অংশের সঙ্গে কীভাবে যোগাযোগ আরও বাড়ানো যায়, তা নিয়েই বিজেপির অন্দরে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর।

এর আগে জেন জি-র সঙ্গে আলোচনায় বসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। তরুণদের ভিন্ন রাজনৈতিক মতকে দূরে না সরিয়ে তাঁদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তিনি। এবার বাংলায় সেই একই ধরনের উদ্যোগ নিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Leave a comment