ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই সফর নিয়েই সরাসরি মমতাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, দিল্লিতে মমতার গতিবিধির উপর পুলিশ ও গোয়েন্দাদের নজর রাখা উচিত।
ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে শুভেন্দু বলেন, “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।” তাঁর আরও দাবি, “আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন।” এই প্রসঙ্গেই পুলিশ ও গোয়েন্দাদের উদ্দেশে সতর্ক থাকার বার্তা দেন তিনি। শুভেন্দুর কথায়, কোনও দেশবিরোধী শক্তির সঙ্গে যাতে বৈঠক না হয়, সে বিষয়ে নজর রাখা প্রয়োজন।
মমতাকে আক্রমণ করতে গিয়ে আরও একাধিক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুইজনকে নিয়ে চলছেন।” শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ফের তীব্র হয়েছে রাজনৈতিক তরজা।
এর আগে শ্রীরামপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আজাদি’ মন্তব্য নিয়েও সরব হয়েছিলেন শুভেন্দু। মমতা বলেছিলেন, “কেন আজাদি বলবে না, ১০০ বার বলবে। আজাদি মানে তো স্বাধীনতা। তা কেন বলা যাবে না?” সেই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চলছে।
এদিকে, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে নির্বাচন কমিশন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিল বিরোধী জোটের সূত্র।

Leave a comment