পালাবদলের পর রাজ্যে স্কুলপড়ুয়াদের সাইকেল প্রকল্পেও বড়সড় পরিবর্তন। ‘সবুজসাথী’র বদলে নতুন নামে চালু হল ‘সারথি’। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুল থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন প্রকল্পে সাইকেলের রং, নকশা এবং গুণমানের পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

এতদিন ‘সবুজসাথী’ প্রকল্পে মূলত নবম শ্রেণির পড়ুয়ারা সাইকেল পেতেন। এবার অষ্টম শ্রেণিতেই সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি শিক্ষাবর্ষে প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়া ‘সারথি’ প্রকল্পের আওতায় আসবেন বলে জানানো হয়েছে।

নতুন প্রকল্পে শুধু নাম বদল নয়, সাইকেলের গুণগত মানেও পরিবর্তন আনা হয়েছে বলে দাবি সরকারের। সাইকেলে উপযুক্ত আলো, উন্নতমানের টায়ার এবং গুণমান যাচাইয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের বক্তব্য, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিবর্তনগুলি করা হয়েছে।

অনুষ্ঠান থেকে আগের সরকারের প্রকল্প নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের ব্যবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মীয়রা সাইকেল তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর দাবি, সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আগে পাঞ্জাব থেকে যন্ত্রাংশ এনে রাজ্যে সাইকেল তৈরি করা হত বলেও জানান তিনি। নতুন ব্যবস্থায় রাজ্যেই সাইকেল তৈরির পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য সাইকেল কারখানা তৈরির জন্য জমি দেওয়ার কথাও বলেন তিনি।

এদিন প্রকল্পের সূচনার পর স্কুলপড়ুয়াদের সঙ্গে একই টেবিলে বসে মধ্যাহ্নভোজ করেন মুখ্যমন্ত্রী। স্কুলের মিড ডে মিলের খাবারই পড়ুয়াদের সঙ্গে বসে খান তিনি।

Leave a comment