দুর্গাপুজো-দীপাবলির মরশুমে সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে বড়সড় ছাড়ের অপেক্ষায় থাকেন ক্রেতারা। কিন্তু এ বছর উৎসবের কেনাকাটায় সেই হিসাব কিছুটা বদলাতে পারে। পুজোর মরশুম শুরু হওয়ার আগেই টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসি-সহ একাধিক পণ্যের দাম বাড়তে চলেছে। ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
নবরাত্রি, দশেরা ও দীপাবলির ঠিক আগে একাধিক সংস্থা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কথা জানিয়েছে। কয়েকটি ক্ষেত্রে ইতিমধ্যেই বর্ধিত দাম কার্যকর হয়েছে।
সংস্থাগুলির বক্তব্য, উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না। তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত, প্লাস্টিক এবং অপরিশোধিত তেলের মতো কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি পরিবহণ খরচও বেড়েছে। ফলে তার প্রভাব সরাসরি পড়ছে উৎপাদন খরচে।
বিশেষ করে এসির ক্ষেত্রে তামার দাম বৃদ্ধি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে গত বছর প্রতি টন তামার দাম যেখানে প্রায় ৮,০০০ থেকে ৯,০০০ ডলারের মধ্যে ছিল, তা বেড়ে প্রায় ১৪,৫০০ ডলারে পৌঁছেছে। একটি সাধারণ এসিতে প্রায় ৩ থেকে ৪ কেজি তামা ব্যবহৃত হওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খরচে পড়ছে।
এর পাশাপাশি ডলারের তুলনায় টাকার ওঠানামা এবং পরিবহণ ব্যয় বৃদ্ধিও সংস্থাগুলির উপর চাপ বাড়াচ্ছে। বাজারের তথ্য অনুযায়ী, এসির দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং স্মার্ট এলইডি টিভির মতো পণ্যের দাম কয়েকটি সংস্থার ক্ষেত্রে প্রায় ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে।
তবে সব সংস্থা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কয়েকটি সংস্থা বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে। কারণ উৎসবের মরশুমে দাম বাড়লে তার প্রভাব পণ্যের চাহিদার উপর পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই এলজি ও হিতাচি ব্র্যান্ডের এসি বিক্রি করা বোস হোম কমফোর্ট প্রায় ৫ শতাংশ দাম বাড়িয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্যানাসনিক এখনও তাদের পণ্যের দাম বাড়ায়নি। ফলে পুজোর আগে টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে নতুন দামের প্রভাব ক্রেতাদের বাজেটেও পড়তে পারে।

Leave a comment