সামনেই লক্ষ্মীপুজো। তার আগে সোনা ও রুপোর দাম কমায় কিছুটা স্বস্তি ক্রেতাদের। শুক্রবারও দুই ধাতুর দর নিম্নমুখী। এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে প্রায় ১.৪১ লক্ষ টাকা। রুপোর কেজিপ্রতি দাম নেমেছে প্রায় ১.৯২ লক্ষ টাকায়।
শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১৪,২৪৮ টাকা। বৃহস্পতিবারের তুলনায় দাম কমেছে ১৯০ টাকা। ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৩,০৬০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১০,৬৮৬ টাকা। একদিনে এই সোনার দাম কমেছে ১৪৩ টাকা।
রুপোর দামও কমেছে বেশ খানিকটা। শুক্রবার গ্রামপ্রতি রুপোর দর ২২০ টাকা। সেই হিসাবে এক কেজি রুপোর দাম ২ লক্ষ ২০ হাজার টাকা। বৃহস্পতিবারের তুলনায় কেজিতে দাম কমেছে ৫,০০০ টাকা।
আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দামে চাপ রয়েছে। সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৪,০৩০ ডলার, রুপোর দর প্রায় ৫৩ ডলার। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত নীতির প্রভাব পড়ছে বাজারে।
আগামী দিনে দাম আরও কমবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকলে কেনার আগে স্থানীয় বাজারের দর জেনে নেওয়া ভাল।

Leave a comment