নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে এক যুবকের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার কালীঘাটে। এই ঘটনায় রাহুল রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। অভিযোগ, নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে ভুয়ো সরকারি পরিচয়পত্রও ব্যবহার করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী এবং রাহুল দু’জনেই কালীঘাট এলাকার বাসিন্দা। সেই সূত্রে তাঁদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। অভিযোগকারীর ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানতেন রাহুল। অভিযোগ, পরে সেই তথ্যকে হাতিয়ার করেই তাঁকে ব্ল্যাকমেল করা হয়।

অভিযোগকারীর ব্যক্তিগত ও গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই তথ্য প্রকাশ না করার বিনিময়ে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। রাহুলের সঙ্গে আরও কয়েকজন এই ঘটনায় জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

চাপে পড়ে অভিযোগকারী গত ২৭ সেপ্টেম্বর ১০ হাজার টাকা দেন। পরের দিন, ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এরপরও বাকি টাকা দেওয়ার জন্য চাপ চলতে থাকে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাঁর সন্দেহ হয়। এরপরই রাহুলের পরিচয় যাচাই করার চেষ্টা করেন অভিযোগকারী।

এরপরই খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, রাহুল আসলে রাজ্য পুলিশের কোনও ডিএসপি নন। এরপরই কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে রাহুলকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা তাঁর ব্যবহৃত পরিচয়পত্র এবং এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। অভিযোগকারীর কাছ থেকে নেওয়া টাকা এবং ব্ল্যাকমেলের জন্য কোনও ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

Leave a comment