তিলোত্তমা ও শহরতলির অন্যতম জনসংযোগের মাধ্যম মেট্রো। সেই মেট্রোর মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজনের অপেক্ষা। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের অংশে ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 

রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল সূত্রে খবর, আগামী ১০ অক্টোবর থেকে এই পথে পরীক্ষামূলকভাবে মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা এবং পরবর্তী সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ বড়দিনের সময় সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলছে। এবার পরিষেবা সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছনোর অপেক্ষা। এই অংশ চালু হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ তিনটি স্টেশন মেট্রো মানচিত্রে যুক্ত হবে। 

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ট্রায়াল শুরু হলে যাত্রী পরিষেবা চালু হবে তা একেবারেই নয়। প্রথমে বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। সিগন্যালিং ব্যবস্থা থেকে সফটওয়্যার অ্যালাইনমেন্ট, ট্রেনের সঙ্গে বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমের সমন্বয় এই সব পরীক্ষা করে দেখা হবে। তারপর প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করতে হবে। সবশেষে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের অনুমোদন মিললেই বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। 

এই অংশের কাজ শেষ করতে গিয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চিংড়িঘাটা থেকে সুকান্তনগরের মধ্যে। উড়ালপথের ওই অংশের কাজ অসম্পূর্ণ থাকায় সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো নিয়ে যাওয়া যাচ্ছিল না। আরভিএনএলের উদ্যোগে নির্দিষ্ট সময়ের ট্র্যাফিক ব্লক নিয়ে শেষ পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ করা হয়েছে। ফলে প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি জটিলতা মিটেছে।

গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ‘পুশ ট্রলি’ দিয়ে পরিদর্শন করা হয়েছিল।সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু হলেও নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের কাজ পুরোপুরি শেষ হবে না। পরবর্তী পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সিটি সেন্টার-টু এবং তার পরে সিটি সেন্টার-টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ তৈরির কথা। ফলে আপাতত নজর ১০ অক্টোবরের দিকে। ট্রায়াল সফল হওয়া এবং প্রয়োজনীয় অনুমোদন মিললে বড়দিনে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলার সম্ভাবনা রয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।

Leave a comment