রাস্তার নাম পরিবর্তনের পর এবার কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব উঠতে চলেছে। ব্যক্তির নামে মেট্রো স্টেশনের নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে সরকারি কমিটির কাছে একাধিক প্রস্তাব জমা দিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। 

সূত্রের খবর, মহানায়ক উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায় এবং জ্যোতিরিন্দ্র নন্দীর নামে থাকা স্টেশনগুলির নাম পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন তিনি। জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ফের ‘টালিগঞ্জ’ করার প্রস্তাব দেওয়া হতে পারে। 

একইভাবে হেমন্ত মুখোপাধ্যায় এবং জ্যোতিরিন্দ্র নন্দীর নামে থাকা মেট্রো স্টেশনের নামও সংশ্লিষ্ট এলাকার নাম অনুযায়ী করার প্রস্তাব উঠতে পারে। ব্যক্তির পরিবর্তে এলাকার নাম ব্যবহার করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।

এছাড়াও ভবানীপুর মেট্রো স্টেশনের নাম ‘নেতাজি ভবন’ রাখার বিষয়েও আপত্তি রয়েছে তথাগত রায়ের। তাঁর বক্তব্য, মেট্রো স্টেশনটি নেতাজি ভবন থেকে যথেষ্ট দূরে। ফলে স্টেশনের নামের সঙ্গে এলাকার বাস্তব অবস্থানের সামঞ্জস্য নেই বলেই তাঁর দাবি। এই নাম পরিবর্তনেরও প্রস্তাব সরকারি কমিটির কাছে দেওয়া হতে পারে।

বেলেঘাটা মেট্রো স্টেশনের নাম নিয়েও আপত্তি জানানো হয়েছে। কারণ, ঐতিহাসিক বেলেঘাটা অঞ্চল থেকে বর্তমান মেট্রো স্টেশনটির অবস্থান বেশ দূরে বলে দাবি করা হচ্ছে। ফলে এই স্টেশনের নামও সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। নাম বদলের তালিকায় থাকতে পারে ‘স্বপ্ন ভোর’ মেট্রো স্টেশনও। এই স্টেশনের নামও এলাকার নাম অনুযায়ী করার প্রস্তাব আসতে পারে।

Leave a comment