যোগ ব্যায়াম শেখানোর সময় নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল ঝাড়গ্রামের একটি স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম অরূপকুমার নায়েক। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গোপীবল্লভপুর-২ ব্লকের ওই স্কুলের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েক জন ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, যোগের ক্লাস চলাকালীন ছাত্রীদের অশালীনভাবে স্পর্শ করতেন ওই শিক্ষক। এক-দু’দিনের ঘটনা নয়, বেশ কিছুদিন ধরেই এমন অভিযোগ ছিল বলে দাবি তাঁদের। কিন্তু ভয় ও অস্বস্তির কারণে ছাত্রীরা বিষয়টি প্রকাশ্যে জানায়নি। পরে কয়েক জন অভিভাবক স্কুলের প্রধান শিক্ষক অন্তর্যামী রানাকে বিষয়টি জানান।

অভিভাবকদের দাবি, অভিযোগ জানানো সত্ত্বেও সঙ্গে সঙ্গে কোনও ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। উল্টে তাঁদের বিষয়টি নিয়ে চুপ থাকতে বলা হয়েছিল বলেও অভিযোগ। এরপর বুধবার কয়েকজন অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চান। তাঁদের সঙ্গে এবিভিপির সদস্যরাও ছিলেন বলে জানা গিয়েছে।

এরপর অভিযুক্ত শিক্ষককে স্কুলে ডেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাওয়া হয়। বিষয়টি নিয়ে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ স্কুলে পৌঁছে অরূপকুমার নায়েককে থানায় নিয়ে যায়।

ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সামনে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এক ছাত্রীর পরিবারের সদস্যের দাবি, বিভিন্ন শ্রেণির আরও কয়েক জন নাবালিকার সঙ্গেও ওই শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ রয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে পকসো আইনের ১০ ধারায় আদালতে পেশ করা হয়েছে।

Leave a comment