দুর্গাপুজোর সময় মণ্ডপে দ্রুত ঢোকার জন্য টাকা দিয়ে ভিআইপি পাস কেনার অভিযোগ উঠেছিল। এবার সেই ব্যবস্থা বন্ধ করার আবেদন জানাল পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি।
পুজোর সময়ে শহর ও জেলার একাধিক মণ্ডপে ভিআইপি পাসের ব্যবস্থা থাকে। সাধারণ দর্শনার্থীদের দীর্ঘ লাইনের বদলে পাসধারীরা অনেক সময় দ্রুত মণ্ডপে প্রবেশ করেন। এই পাসের জন্য অর্থ নেওয়া নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এবার সেই অর্থের বিনিময়ে পাস বিক্রির বিষয়টিই সামনে আনল সমন্বয় সমিতি।
সংগঠনের বক্তব্য, দুর্গাপুজো কোনও নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য নয়। তাই টাকার বিনিময়ে আলাদা সুবিধা দেওয়ার বিষয়টি বন্ধ হওয়া দরকার।ওসমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ বলেন, তাঁদের সংগঠনের তরফে কোনও ভিআইপি পাস বা টিকিট বিক্রি করা হবে না। পুজো কমিটিগুলির কাছেও অর্থের বিনিময়ে পাস বিক্রি না করার আবেদন জানানো হবে। তাঁর মতে, ভিআইপি শব্দটির ব্যবহার নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।
রুদ্রনীল ঘোষ বলেন, বাড়ির বয়স্কদের বা অসুস্থদের ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারেন না। তাঁদের জন্য যদি আলাদা ব্যবস্থা করা হয়, তার প্রয়োজন রয়েছে। কিন্তু শুধু টাকা দিয়ে দ্রুত প্রতিমা দর্শনের সুযোগ পাওয়াকে ভিআইপি সুবিধা হিসেবে দেখার বিরোধিতা করেছে সমিতি।
সমিতির অন্যতম উপদেষ্টা প্রীতম সরকার জানানা, অর্থের বিনিময়ে পাস বিক্রি বন্ধ করাই তাঁদের দাবি। বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছেও জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
পুজোর বিভিন্ন খবর ও আয়োজনের তথ্য দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে dpssinfo.com নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে একাধিক পুজোর লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও থাকবে। সংগঠনের দাবি, ইতিমধ্যেই প্রায় ৭০০-৮০০টি পুজো এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও পুজোকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Leave a comment