বাসস্ট্যান্ডের কাছে প্রকাশ্য রাস্তা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হাওড়ায়। ঘটনার তদন্তে নেমে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে পেয়ারেলাল নামে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রাহুল মল্লিক নামে এক দুষ্কৃতীও রয়েছে। গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ অভিযানে এই উদ্ধার এবং গ্রেফতারি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রেলের সাবওয়ের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী বাইকে করে সেখানে আসে। এরপর পেয়ারেলালকে জোর করে তুলে নিয়ে যায় তারা। ব্যস্ত এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।

প্রথমেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। দুষ্কৃতীরা কোন রাস্তা দিয়ে গিয়েছিল, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। পাশাপাশি প্রযুক্তিগত নজরদারিও চালানো হয়। তদন্তের সেই সূত্র ধরেই পেয়ারেলালের অবস্থান সম্পর্কে তথ্য হাতে আসে পুলিশের।

পুলিশ জানতে পারে, লিলুয়া ঝিল রোডের একটি বহুতলে পেয়ারেলালকে রাখা হয়েছে। এরপর গতরাতে সেখানে অভিযান চালানো হয়। বহুতল থেকে তাঁকে উদ্ধার করা হয়। পাশাপাশি কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তদন্তের ভিত্তিতে মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ৯টি মোবাইল ফোন এবং একটি ট্যাবও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে এল, সেগুলি অপহরণের সময় ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানিয়েছেন, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অপহরণের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যেই এই অপহরণ করা হয়ে থাকতে পারে।

ধৃত রাহুল মল্লিকের বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে সম্প্রতি সে বাইরে এসেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় তার ভূমিকা কী ছিল, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

পেয়ারেলালের সঙ্গে ধৃতদের কোনও পূর্ব পরিচয় ছিল কি না, আর্থিক লেনদেন বা পুরনো বিবাদের জেরে অপহরণের ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের আওতায় রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ও ট্যাবের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সাত ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়েছে। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত এগোলেই ঘটনার নেপথ্যের পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a comment