দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার গভীর রাতে অমরাবতী জেলার সামরুদ্ধি হাইওয়েতে একটি টেম্পো ও দ্রুতগতির গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন আরও ১৯ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলধানা জেলার শেগাঁও থেকে দুর্গা প্রতিমা নিয়ে বর্ধার দিকে যাচ্ছিল টেম্পোটি। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ ধামনগাঁও স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই উলটো দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি টেম্পোটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে থাকা যাত্রীদের বেশ কয়েকজন গুরুতর জখম হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় পুলিশকে। ধামনগাঁও রেলওয়ে পুলিশ এবং স্থানীয় থানার কর্মীরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের টেম্পো থেকে বার করে নিয়ে যাওয়া হয় ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়।

অমরাবতী গ্রামীণ পুলিশের সুপার নিকেতন কদম জানিয়েছেন, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ১৬ থেকে ১৭ জনের আঘাত তেমন গুরুতর নয় এবং তাঁরা বর্তমানে বিপদমুক্ত বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। ঠিক কী কারণে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। দুর্ঘটনার সঙ্গে যুক্ত যানবাহনগুলির অবস্থাও পরীক্ষা করা হচ্ছে।

ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। আহতদের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। প্রতিমা নিয়ে যাওয়ার পথে এমন দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a comment