পুজোর আগে বড় ঘোষণা রাজ্য সরকারের। রেশন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করল রাজ্য সরকার। উৎসবের মরশুমে ‘ফেস্টিভ প্যাকেজ’-এর আওতায় চিনি, ময়দা এবং সুজি বাজারদরের অর্ধেক দামে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
জানা গিয়েছে, এই প্যাকেজের আওতায় প্রতিটি রেশন কার্ডধারী পরিবার ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি পাবে। তিনটি সামগ্রীই মিলবে ৫০ শতাংশ ছাড়ে। রাজ্যে বর্তমানে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার রেশন ব্যবস্থার আওতায় রয়েছে। ফলে উৎসবের আগে বিপুল সংখ্যক পরিবার এই সুবিধার আওতায় আসবে।
খাদ্যমন্ত্রী জানান, এতদিন উৎসবের সময়ে রেশনে নির্দিষ্ট কয়েকটি সামগ্রীতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত। এবার সেই ছাড় বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। বিশেষ এই প্যাকেজ কার্যকর করতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ১১৪ কোটি টাকা খরচ হবে।
প্রথমে এই সামগ্রীগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি অনুকূল হলে উৎসবের সময় চিনি, ময়দা ও সুজি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
প্যাকেজটি নিয়ে ধর্মীয় প্রশ্নও ওঠে। দুর্গাপুজোর আগে ঘোষণা হওয়ায় এটি কি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, জানতে চান সাংবাদিকরা। জবাবে খাদ্যমন্ত্রী জানান, এই সুবিধা কোনও ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে না। রেশন কার্ড থাকা সব পরিবারই এর আওতায় থাকবে।
উৎসবের আগে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য একই নিয়মে মিলবে তিনটি সামগ্রী। ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে রেশন ব্যবস্থার আওতায় থাকা প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারই ‘ফেস্টিভ প্যাকেজ’-এর সুবিধা পাবেন।

Leave a comment